
মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় পাড়ি জমানো ৩০৯ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড বিমানে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সম্মিলিত উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর প্রতিনিধিরা তাদের স্বাগত জানান।
ফেরত আসা এসব বাংলাদেশি প্রবাসীকে আইওএম-এর পক্ষ থেকে মাথাপিছু ছয় হাজার টাকা নগদ সহায়তা এবং খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়া বিএমইটি-এর প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, লিবিয়ায় অবস্থানরত এসব নাগরিক মূলত মানবপাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়েছিলেন। ইউরোপে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দালালেরা তাদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়। এরপর সমুদ্রপথে ইউরোপ যাত্রার সময় অনেকেই ধরা পড়েন, আবার কেউ কেউ লিবিয়ায় বন্দিদশা ও নির্যাতনের শিকার হন। সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন মিশনে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করেছে। সরকার অবৈধ উপায়ে বিদেশ গমন নিরুৎসাহিত করতে এবং বিদেশে প্রতিকূল পরিস্থিতিতে পড়া নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে নিয়মিত কাজ করে যাচ্ছে।
দৈনিক সুনামগঞ্জ সংবাদ | Dainik Sunamganj Sangbad. ফোনঃ +8801738462523 ইমেইলঃ sunamganjsangbad@gmail.com
©২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | Presented by ITFaire