নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বৈধতা পায় না : মির্জা ফখরুল
- আপডেট সময়ঃ ০৮:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ১৫৮ বার পড়া হয়েছে।

সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তিও পায় না।
রবিবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সংস্কার নিয়ে দু’বছর আগেই বিএনপি ৩১ দফা দিয়েছে। তাই খোড়া যুক্তি চলবে না, যে সংস্কার আগে তারপর নির্বাচন।
নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তিও পায় না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে, প্রশাসনে যে আমলারা আছে, তারা আবার আগের কাজ শুরু করে দিয়েছে। সেদিকে নজর দিন।
যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করা ততই সম্ভব হবে। আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদেরই নেতার (বঙ্গবন্ধু) নাম, ছবি, মূর্তি দেশের মানুষ নামিয়ে ফেলেছে। জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে, মোছা যাবে না।
আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।















