জামালগঞ্জে যুবদলের সমাবেশে মঞ্চে কৃষক লীগ নেতার উপস্থিতি নিয়ে সমালোচনা
- আপডেট সময়ঃ ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৫ বার পড়া হয়েছে।
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা যুবদলের কর্মী সমাবেশে অপ্রত্যাশিতভাবে উত্তর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি খুরশেদ আলম ভূঁইয়াকে মঞ্চের প্রথম সারিতে বসে থাকতে দেখা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
বুধবার উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ভূঁইয়ার হাটি গ্রামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদল সভাপতি সোহরাব হোসেন মাসুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরণসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের অন্যান্য দায়িত্বশীল নেতারা।
সমাবেশ চলাকালে কৃষক লীগের সাবেক সভাপতি খুরশেদ আলম ভূঁইয়াকে মঞ্চের সামনের সারিতে বসে থাকতে দেখা যায়। এ নিয়ে প্রশ্ন উঠলে উপজেলা কৃষক লীগের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, খুরশেদ আলম পূর্বে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে খুরশেদ আলম ভূঁইয়া জানান, “স্থানীয় আবুল হোসেন মেম্বারের বাড়িতে সমাবেশটি হয়েছিল। আমাকে মুরুব্বি হিসেবে বিএনপির নেতারা ডেকে মঞ্চে বসান। এখন এ নিয়ে সমালোচনা আমার ভালো লাগছে না।”
অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন বলেন, “আমরা যুবদলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশ করি। কৃষক লীগের সাবেক সভাপতি কখন এসে মঞ্চে বসেছেন তা আমরা খেয়াল করিনি। তাকে আমন্ত্রণও জানানো হয়নি।”









