হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে কঠোর নজরদারির ঘোষণা পানিসম্পদমন্ত্রীর
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যা সরাসরি পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের কাজ যাতে সুষ্ঠু ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ নজরদারি রাখছে।
তিনি বলেন, অতীতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সেজন্য সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণ—এসব প্রকল্প বাস্তবায়ন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এসব কাজে যাতে কেউ অনিয়ম করতে না পারে, সে জন্য সরকার সতর্ক রয়েছে এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন এবং সরকার এই অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের খোঁজখবর রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনসহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।









