সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময়ঃ ০৮:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ২১৭ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সামাদ মুন্সি।
শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিদ্ব›দ্বী গ্রুপের দুই নেতা শামসুল হক ও কামাল হোসেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে।
তিনি জানান, আওয়ামী লীগ আমলে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। অথচ অপপ্রচার চালানো ওই দুই নেতা অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা নিয়েছেন এবং বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এমনকি তারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকও অর্পণ করেছেন।
আব্দুস সামাদ বলেন, “দলের কর্মীদের সমর্থন পেয়ে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমরা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নেতৃত্ব বেছে নিতে চাই। তবে ব্যক্তিগত অপপ্রচার কাম্য নয়।”
তাঁর বিরুদ্ধে বাড়ি-গাড়িসহ অঢেল সম্পদের অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, “আমি একজন বৈধ আমদানিকারক ব্যবসায়ী। আমার আয়ের প্রতিটি টাকা আয়কর রিটার্নে জমা দেওয়া আছে। জ্ঞাত আয়ের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”
সংবাদ সম্মেলনে যুবদল নেতা আনোয়ার হোসেন ও নজির হোসেন উপস্থিত ছিলেন।









